অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্বৃত্তরা দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে। তাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী—সবাইকে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। কারণ, এটি শুধু সরকারের স্বার্থের বিষয় নয়, বরং দেশের সবার স্বার্থের বিষয়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের সঙ্গে নিয়ে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। অতীতে দেশের অর্থনীতি যেভাবে কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চায় সরকার। অর্থনীতির গণতন্ত্রীকরণ করতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। শুধু রাজনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে কোনো দেশ এগিয়ে যেতে পারে না।
তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। দেশ স্থিতিশীল থাকলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছর স্থিতিশীলতা ধরে রাখতে পারলে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এ জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব গঠনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একসময় চট্টগ্রাম সিটি করপোরেশন ঋণের ভারে জর্জরিত ছিল। সেই দেনা পরিশোধ করে বর্তমানে দেড়শ কোটি টাকা জমা রাখা হয়েছে। নগরের অন্যতম সমস্যা হচ্ছে সিটি গভর্নমেন্ট না থাকা। একসময় এ ব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ সরকার তা রহিত করে দিয়েছিল। এ সময় অর্থমন্ত্রীর প্রতি চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
বাংলা৭১নিউজ/আরএইচ

























