সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের দাখিল করা অনুমতিপত্রে শেখ হাসিনার ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২০ নভেম্বর) এক ফেসবুক পোস্টে রাশেদ এমন দাবি করেছেন।
ওই পোস্টে শেখ হাসিনার নাম লেখা একটি পাসপোর্ট ও ম্যাট্রিক্স চেম্বার্সের দাখিল করা একটি নথির ছবিও প্রকাশ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই। এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
তিনি বলেন, এছাড়া শেখ হাসিনার সঙ্গে সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না।
ফ্যাসিস্ট নেত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করেনি। বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ) বন্দী অবস্থায় রয়েছে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো এনআইডি ও পাসপোর্টের আবেদন করতে পারেন। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভরত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারেন না।
ভারতে (গৃহ) বন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা। অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ।
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে আন্দোলনকারীদের হত্যায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি এর আগে রয়টার্সকে বলেছেন, আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার ওই ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন গোপালগঞ্জে হামলা, থানা ও বিএনপির নেতাদের বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলা৭১নিউজ/আরএইচ


























