শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সার্বিক বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে চাইল্ড কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সব সরকারি প্রতিষ্ঠানেও এই সুবিধা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
উন্নয়ন এজেন্ডার কেন্দ্রে শিশু সুরক্ষা
সম্মেলনে বাংলাদেশের জনমিতিক চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশই শিশু ও কিশোর (১ দিন থেকে ১৮ বছর বয়সী)। এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা এবং সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, “শিশু পরিচর্যা ও সুরক্ষা আমাদের উন্নয়ন এজেন্ডার অন্যতম প্রধান অংশ। এই লক্ষ্য বাস্তবায়নে কেবল পরিবার ও বিদ্যালয় নয়, বরং অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।”
তৃণমূল ও কর্মক্ষেত্রে সেবা সম্প্রসারণ
তৃণমূল পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে চলমান সরকারি উদ্যোগগুলোর কথা উল্লেখ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় ৫টি করে কমিউনিটি ভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিচালিত হচ্ছে। এখানে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী প্রদানের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সুরক্ষা বলয় আরও শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে এই সেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে বর্তমানে ডে-কেয়ার কর্মসূচি চালু থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এই সংকট নিরসনে শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন (ডে-কেয়ার) সুবিধা বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর এবং কিছু সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানেই এই সেবা বাধ্যতামূলক বা সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান
ফিলিপাইনের ম্যানিলায় আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নিয়েছেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশের এই তৃণমূলমুখী ও কর্মক্ষেত্রভিত্তিক শিশু সুরক্ষা মডেল উপস্থিত প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে।
বাংলা৭১নিউজ/এসএইচবি






















