কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত বিকাশ মানুষের জীবনকে আরও সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছে। চিকিৎসা, শিক্ষা, কর্মক্ষেত্র থেকে শুরু করে শহরের বিভিন্ন নাগরিক সেবা—প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে প্রযুক্তির ব্যবহার।
এতে অনেক কাজ দ্রুত ও সহজ হচ্ছে। তবে প্রযুক্তির এই অগ্রগতিতে মানুষের জীবন সত্যিই কতটা উন্নত হচ্ছে, তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, প্রযুক্তির উন্নয়ন শুধু কাজের গতি বা উৎপাদন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মানুষের মানসিক সুস্থতা, নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি।
নিবন্ধে জাপানের ‘সোসাইটি ৫.০’ এবং ইউরোপীয় কমিশনের ‘ইন্ডাস্ট্রি ৫.০’ ধারণার কথা তুলে ধরা হয়েছে। সোসাইটি ৫.০ বলতে এমন একটি স্মার্ট সমাজকে বোঝায়, যেখানে ডিজিটাল প্রযুক্তি ও বাস্তব জীবনের সমন্বয়ে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মান উন্নত করা হবে। অন্যদিকে, ইন্ডাস্ট্রি ৫.০-এর লক্ষ্য কারখানায় শুধু উৎপাদন বাড়ানো নয়; বরং মানুষ ও যন্ত্রের সহযোগিতায় পরিবেশবান্ধব, নিরাপদ ও মানুষকেন্দ্রিক শিল্পব্যবস্থা গড়ে তোলা।
প্রযুক্তির উন্নয়নে মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ
প্রযুক্তি মানুষের অনেক কাজ সহজ করতে পারে।
যেমন স্মার্ট ঘড়ি বা শরীরে ব্যবহারযোগ্য বিশেষ যন্ত্রের মাধ্যমে হৃদ্স্পন্দন, ঘুম ও শারীরিক কার্যক্রমের তথ্য জানা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতেও সহায়তা করতে পারে। তবে ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে, তা স্পষ্ট না হলে মানুষের মধ্যে নজরদারির ভয় তৈরি হতে পারে।
কর্মক্ষেত্রেও রোবট মানুষের সহায়ক হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ, একঘেয়ে ও শারীরিক পরিশ্রমের কাজগুলো রোবটের মাধ্যমে করানো সম্ভব।
এতে কর্মীদের কাজের ঝুঁকি কমতে পারে। তবে নতুন প্রযুক্তি ব্যবহারের আগে কর্মীদের প্রশিক্ষণ না দিলে চাকরি হারানোর ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়তে পারে।
একইভাবে স্মার্ট শহরে প্রযুক্তি ব্যবহার করে যানজট নিয়ন্ত্রণ, বিদ্যুতের সঠিক ব্যবহার, দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সেবা উন্নত করা সম্ভব। কিন্তু এসব সুবিধা যদি শুধু নির্দিষ্ট শ্রেণির মানুষের কাছে পৌঁছায়, তাহলে সামাজিক বৈষম্য আরও বাড়তে পারে। বয়স, আয়, শিক্ষা ও বসবাসের এলাকার কারণে অনেকেই ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ থেকে পিছিয়ে পড়তে পারেন।
কাজের গতি বাড়লেই মানুষের কল্যাণ নিশ্চিত হয় না
প্রযুক্তির উন্নয়নে কোনো কাজ আগের চেয়ে দ্রুত করা সম্ভব হলেও তাতে কর্মীদের জীবন সব সময় সহজ হয় না। কারখানা বা অফিসে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে কাজের গতি বাড়তে পারে। কিন্তু একই সঙ্গে কর্মীদের কাজের ওপর নজরদারি ও চাপও বাড়তে পারে। শহরে প্রযুক্তির ব্যবহার বাড়লেও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সবার জন্য সমান সুযোগ এবং মানুষ ও রোবটের মধ্যে কাজের সমন্বয়ের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশেষ করে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। ডিজিটাল প্রযুক্তির কারণে কর্মক্ষেত্রের কাজ যদি সব সময় মানুষের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ছুটির সময়েও কাজের চিন্তা থেকে মুক্ত থাকা কঠিন হতে পারে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চললে মানসিক ক্লান্তি ও কর্মক্ষেত্রের প্রতি আগ্রহ কমে যাওয়ার ঝুঁকি থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২১ সালের এক বিশ্লেষণে বলা হয়েছিল, ২০১৬ সালে দীর্ঘ কর্মঘণ্টার সঙ্গে স্ট্রোক ও হৃদ্রোগে ৭ লাখ ৪৫ হাজার মৃত্যুর সম্পর্ক ছিল। অর্থাৎ কাজের সময় ও পরিবেশ শুধু উৎপাদনের বিষয় নয়, মানুষের স্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
মানুষ ও যন্ত্রের সহযোগিতা কেমন হওয়া উচিত
ইন্ডাস্ট্রি ৫.০-এর অন্যতম লক্ষ্য হলো মানুষকে যন্ত্র দিয়ে পুরোপুরি প্রতিস্থাপন না করে দুয়ের মধ্যে সহযোগিতা বাড়ানো। এ ব্যবস্থায় রোবট ঝুঁকিপূর্ণ ও একঘেয়ে কাজ করবে। অন্যদিকে মানুষের সৃজনশীলতা, অভিজ্ঞতা, সহমর্মিতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগানো হবে।
তবে এ পরিবর্তনের জন্য শুধু নতুন প্রযুক্তি নিয়ে এলেই হবে না। প্রয়োজন শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর সুযোগ। কোনো প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট ব্যবহারের আগে কর্মীদের সেগুলো পরিচালনা ও ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া জরুরি।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’-এ বলা হয়েছে, ২০৩০ সাল পর্যন্ত প্রযুক্তির পরিবর্তন, জনসংখ্যার রূপান্তর, অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবেশবান্ধব অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তির প্রতি আস্থা কেন জরুরি
স্মার্ট প্রযুক্তি ব্যবহারের জন্য বিপুল পরিমাণ তথ্য প্রয়োজন হয়। স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত ও কর্মক্ষেত্রের নানা তথ্য এসব ব্যবস্থায় ব্যবহার করা হতে পারে। তাই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মানুষ তখনই নতুন প্রযুক্তির ওপর আস্থা রাখবে, যখন তারা বুঝতে পারবে তাদের তথ্য কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে নেওয়া সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে। এ জন্য পরিষ্কার নীতিমালা, জবাবদিহি ও স্বচ্ছতা প্রয়োজন।
প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত শুধু প্রকৌশলী, ব্যবসায়ী বা নীতিনির্ধারকদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কর্মী, রোগী, শিক্ষক, অভিভাবক, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী মানুষ এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের মতামতও গুরুত্ব পাওয়া দরকার।
স্মার্ট সমাজের সাফল্য কীভাবে মাপা হবে
একটি স্মার্ট সমাজ কতটা সফল, তা শুধু উৎপাদন, কাজের গতি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে বিচার করা উচিত নয়। প্রযুক্তি মানুষের স্বাধীনতা, নিরাপত্তা, সামাজিক সম্পর্ক, সমান সুযোগ ও জীবনযাত্রার মান কতটা উন্নত করছে, সেটিও বিবেচনায় নিতে হবে।
স্বাস্থ্যসেবায় প্রযুক্তি মানুষের প্রয়োজন বুঝে সহায়তা করবে। শিক্ষায় প্রযুক্তি শিক্ষার্থীদের শেখার সুযোগ বাড়াবে, তবে তাদের শুধু পরীক্ষার নম্বর দিয়ে মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। কর্মক্ষেত্রে প্রযুক্তি বিপজ্জনক ও একঘেয়ে কাজ কমাবে, কর্মীদের ওপর অপ্রয়োজনীয় নজরদারি বাড়াবে না।
প্রযুক্তি নিজে থেকে সমাজের সব সমস্যা সমাধান করতে পারে না। বরং প্রযুক্তি কীভাবে তৈরি ও ব্যবহার করা হচ্ছে, তার ওপরই মানুষের জীবনে এর প্রভাব নির্ভর করে। তাই ভবিষ্যতের প্রযুক্তি কতটা উন্নত, শুধু সেটি নয়—সেই প্রযুক্তি মানুষের জীবনকে কতটা নিরাপদ, স্বস্তিদায়ক ও বৈষম্যহীন করতে পারছে, সেটিই হওয়া উচিত প্রকৃত অগ্রগতির মাপকাঠি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























