বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে মোসা. আসমা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনা পরপরই ঘাতক ওই টমটমের চালক মো. জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ-সংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন খান।
নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা নামক এলাকার বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি উপজেলার ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভসহ টমটমটের চাকায় আগুন জ্বালিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষক আসমা বেগম তার ছোট মেয়েকে কোলে নিয়ে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ-সংলগ্ন বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই সড়ক হয়ে দ্রুত গতিতে আসা একটি ইট-বালু বহনকারী টমটম তাকে ধাক্কা দেয়। এতে মেয়েকে নিয়ে সড়কে ছিটকে পড়েন আসমা। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া টমটমটের চাকায় আগুন জ্বালানোসহ চালক জাহিদকে আটকে রেখে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ টমটম চালক জাহিদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টমটম চালককে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়ছে। নিহত আসমা স্কুলের শিক্ষক হওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে থানায় মামলা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























