ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসে জড়িয়ে আছে তার নাম। ১৯৫৮ সালে সুইডেনের মাটিতে যে দলটি প্রথমবার বিশ্বসেরার মুকুট পরেছিল, সেই দলেরই সদস্য ছিলেন দিনো সানি।
মাঝমাঠে তার পাসিং, রক্ষণ সামলানোর দক্ষতা ও ফ্রি-কিকে পারদর্শিতা ব্রাজিলকে দিয়েছিল বাড়তি শক্তি। সেই কিংবদন্তি ফুটবলার আর নেই।
গতকাল ৯৪ বছর বয়সে মারা গেছেন দিনো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দিনো।
সাবেক এই মিডফিল্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্থাটির সভাপতি সামির জাউদ।
১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দিনো। অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল তার বিশ্বকাপ অভিযান। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচেও খেলেছিলেন তিনি।
তবে পেশির চোটে টুর্নামেন্টের বাকি অংশে আর মাঠে নামা হয়নি তার। পরে তার জায়গা খেলেন জিতো। শেষ পর্যন্ত পেলে, গারিঞ্চাদের সঙ্গে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচ খেলেছেন দানি। করেছেন ৪ গোল।
১৯৫৮ সালের বিশ্বকাপ ছাড়াও জিতেছেন ওসওয়ালদো ক্রুজ কাপ, বার্নার্দো ও’হিগিন্স কাপ ও রোকা কাপ।
ক্লাব ফুটবলেও সমৃদ্ধ ক্যারিয়ার ছিল দিনোর। সাও পাওলোর হয়ে ৩২৪ ম্যাচে করেছেন ১১৩ গোল। খেলেছেন বোকা জুনিয়র্স ও এসি মিলানেও। মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা ও ইউরোপিয়ান কাপ। পরে কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। ইন্টারন্যাসিওনালের হয়ে জিতেছেন টানা তিনটি রাজ্য চ্যাম্পিয়নশিপ।
বাংলা৭১নিউজ/আরএইচ



























