বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান
গত ১০ বছরে টাকার মান প্রায় ৬০ শতাংশ (প্রতিবছর গড়ে ৬ শতাংশ) অবমূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে’ তিনি এ কথা জানান।
গভর্নর জানান, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি বেশি থাকায় নীতি সুদহার বাড়িয়ে রাখতে হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে নীতি সুদহার কমানো হয়েছে এবং মূল্যস্ফীতি আরও কমানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, আমদানি করা পণ্য ও উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দাম বাড়ার অন্যতম কারণ বিনিময় হারের অবমূল্যায়ন, যার প্রভাব সরাসরি সাধারণ পণ্যের দামে গিয়ে পড়ে। প্রকৃত কার্যকর বিনিময় হার (REER) হিসাবের ক্ষেত্রে ২২ থেকে ২৩ না ধরে ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির আসল চিত্র পাওয়া যাবে।
ব্যাংকের মুনাফায় কিছুটা ছাড় দিয়ে হলেও আমদানিকারকদের ডলারের দামে ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি। ডলারের দাম ৫০ পয়সা কমলেও তার ইতিবাচক প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়তে পারে।
ব্যাংক খাতের নাজুক অবস্থার কথা তুলে ধরে গভর্নর জানান, এ খাত থেকে প্রায় এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে। ব্যাংক খাত পুনর্গঠনে সরকারকে প্রতি বছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যা আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত দিতে হতে পারে। দুর্ভাগ্যবশত এই দায়ের চাপ পরবর্তী প্রজন্মকেও বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























