ঢাকার সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ ও পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (৮ নভেম্বর) ভোর পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদ চত্বরে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদের ফটকের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় বিকট শব্দের পাশাপাশি আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান।
পরে সেখানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে একটি অটোরিকশা দ্রুতগতিতে যাওয়ার সময় এর ভেতর থেকে কিছু একটা ছুড়ে ফেলতে দেখা যায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।
তবে স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এরপর সাভার উপজেলা পরিষদ চত্বরে আরো দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের খবর পায় উপজেলা প্রশাসন। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থলগুলো ঘিরে রাখে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম রাতে জানান, সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টার মধ্যে একাধিক বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে একই রাতে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ‘সাভার পরিবহন’-এর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























