জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম আজ বুধবার (৪ নভেম্বর) শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
গত ১১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ নির্ধারণ করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
অপর ১৮ জন এখনো পলাতক। তাঁদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরায় আন্দোলন চলাকালে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১৮ জুলাই মুগ্ধ ছাড়াও প্রাণ হারান জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, শাকিল হোসেন, সাব্বির হোসেন ও সজিব সরকার।
একই দিন উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে সাঁজোয়া যানবাহনের পেছনের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ১৯ জুলাই গুলিতে নিহত হন রিদোয়ান শরীফ, ছাব্বির ইসলাম, আসাদুল্লাহ ও নাঈমা সুলতানা।
২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে পৌঁছেছে। আজ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























