স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের ২৯ জন, মিশরের ১২ জন, পাকিস্তানের ১০ জন, বাংলাদেশের সাতজন, সুদানের পাঁচজন, নেপালের চারজন, ইরাকের চারজন, আলজেরিয়া, জর্ডান, ইয়েমেন ও সোমালিয়ার দুজন করে এবং মরক্কো ও ফিলিস্তিনের একজন করে নাগরিক রয়েছেন।
অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়।
তাদের মধ্যে সুদানের ১৯ জন, আফগানিস্তানের ১৮ জন, পাকিস্তানের ১৫ জন, বাংলাদেশের ১৩ জন এবং নেপালের একজন নাগরিক রয়েছেন।
আটক অভিবাসীদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান রুট ব্যবহার করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।
বাংলা৭১নিউজ/এনি




























