কুয়েতের আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জননিরাপত্তা বিভাগের সহযোগিতায় ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমস কুয়েতের বরাতে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ওই ভবনের ছাদ থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। খবর পেয়ে সিআইডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ওই ভবনের সাবেক নিরাপত্তাকর্মী। হত্যাকাণ্ডের এক দিন আগে তার চাকরির অবসান ঘটানো হয়েছিল।
পরে তার স্থলাভিষিক্ত হন নিহত ব্যক্তি।
তদন্তকারীরা আরো জানতে পারেন, আবাসিক ভিসার মেয়াদ শেষ হওয়াসংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে ওই ব্যক্তি শার্ক থানায় আত্মসমর্পণ করেছিলেন। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা প্রকাশের আগেই দেশ থেকে বহিষ্কৃত হওয়ার উদ্দেশ্যে তিনি এমনটি করেছিলেন।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চাকরি নিয়ে বিরোধের জেরে নিহত ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঠের বস্তু ও ছুরি দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করেন বলে স্বীকারোক্তিতে জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম আরমান হোসেন। তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























