স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন। মৃত্যুর এই মিছিল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়ার প্রেমিকা ক্লদিয়া রদ্রিগেজ।
দুর্ঘটনাকবলিত ট্রেনের ঠিক পেছনের ট্রেনে ছিলেন বিশ্বকাপজয়ী কুকুরেয়ার জীবনসঙ্গী ক্লদিয়া। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
স্পেনের তোলেদো প্রদেশের উর্দা এলাকায় গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।
দুর্ঘটনার খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লদিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের পেছনের ট্রেনে থাকায় ঘটনাটি তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, ‘আমি পেছনের ট্রেনে মালাগার দিকে যাচ্ছিলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার পূর্ণ সমর্থন রইল।’
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ক্লদিয়া লিখেছেন, ‘আমি ভালো আছি।
আমার ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ, দুর্ঘটনাকবলিত ট্রেনটির সঙ্গে আমাদের ট্রেনের অনেক দূরত্ব ছিল। শুধু একই পথে চলার কারণে ট্রেনটিকে ঘুরিয়ে আবার মাদ্রিদে ফিরতে হয়েছে।’
তবে অল্পের জন্য রক্ষা পাওয়ার বিষয়টি ভাবতেই শিউরে উঠছেন ক্লদিয়া, ‘এটা ভাবতেই আমার ভেতরটা কেঁপে উঠছিল যে, দুর্ঘটনাটি যদি আরেকটু পরে ঘটত, তাহলে আমার ট্রেনও একই পরিণতির শিকার হতে পারত। ওই ট্রেনে থাকা মানুষগুলো যা সহ্য করেছেন, তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।
এদিকে, ট্রেন দুর্ঘটনার খবরে কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
বাংলা৭১নিউজ/আরএইচ




























