মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র পাঁচ ঘণ্টা আগে বুয়েনস এইরেসে পৌঁছায় বুরকিনা ফাসো। চরম বিমান বিপর্যয় ও ভ্রমণক্লান্তির পর ফুটবল পরাশক্তি দলের বিপক্ষে কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছে আফ্রিকান দলটি।
বুয়েনস এইরেসে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে অভাবনীয় এক লজিস্টিকাল বিপর্যয়ের মুখে পড়ে বুরকিনা ফাসো ফুটবল দল। মরক্কো থেকে তাদের নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ায় ভ্রমণের শিডিউল এলোমেলো হয়ে যায়। টানা সফরজনিত চরম ক্লান্তি এবং আর্থিক ক্ষতিপূরণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান দেশটির জাতীয় দলের জ্যেষ্ঠ খেলোয়াড়রা।
জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের অনুপস্থিতিতে চরম বিপাকে পড়ে দেশের ফুটবল ফেডারেশন।
শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল হওয়া ঠেকাতে জরুরি ভিত্তিতে অনূর্ধ্ব-২৩ দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন স্কোয়াড গঠন করতে বাধ্য হন হেড কোচ আমির আবদু। দেশের সম্মান বাঁচাতে এবং বিশ্বমঞ্চে খেলার সুযোগ গ্রহণ করতে এই প্রস্তাব সানন্দে মেনে নেন তরুণ ফুটবলাররা। মূল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে শুধু মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়াকে পেয়েছেন বুরকিনা ফাসো কোচ। তাই একে পুরোপুরি অনূর্ধ্ব-২৩ বলা না গেলেও এ বিষয়ে রাখঢাক রাখেনি কোন দলই।
বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) এক জরুরি বিজ্ঞপ্তিতে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে জানায়, ‘আমাদের তরুণ অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়রা বিশ্বমানের তারকাদের বিপক্ষে নিজেদের যোগ্যতা প্রমাণের এই বিরল সুযোগটিকে ইতিবাচক ও মূল্যবান অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করেছে এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে মাঠের লড়াই নিশ্চিত করেছে।’
দীর্ঘ ও ক্লান্তিজনক বিমান সফর শেষে ম্যাচ শুরু হওয়ার মাত্র ৫ ঘণ্টা আগে বুয়েনস আইরেসে এসে পৌঁছায় বুরকিনা ফাসোর নতুন দলটি। কৌশলগত অনুশীলনের ন্যূনতম সুযোগ না পাওয়া এবং ‘জেট ল্যাগ’-এ কাবু তরুণ ফুটবলারদের সরাসরি নামতে হয় বিশ্ব চ্যাম্পিয়ন স্কালোনির শিষ্যদের বিপক্ষে।
যেমনটা ধারণা করা হয়েছিল, প্রথমার্ধেই প্রবীণ ও বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফরোয়ার্ডদের তোপের মুখে পড়ে ৫ গোল হজম করে বসে আনকোরা দলটি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত থাকায় ম্যাচ শেষে গণমাধ্যমের আনুষ্ঠানিক সাক্ষাৎকারে অংশ না নিয়েই দ্রুত হোটেল কক্ষ ও বিশ্রামে ফিরে যান তরুণ ফুটবলাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয়ী দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি বুরকিনা ফাসোর তরুণদের পেশাদারিত্ব ও মানসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আর্জেন্টিনা কোচ বলেন, ‘বুরকিনা ফাসো থেকে যেসব তরুণ ফুটবলাররা এখানে খেলতে এসেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তাদের মূল দলের খেলোয়াড়দের কী সমস্যা হয়েছিল তা আমি জানি না, তবে এই তরুণরা যে লড়াই চালিয়ে গেছে, তার পূর্ণ কৃতিত্ব তাদের দিতেই হবে। তারা ফুটবলকে সম্মান জানিয়েছে। তাই তাদের লড়াইয়ের প্রতি সম্মান দেখিয়েই আমরা একটি ফাইনাল ম্যাচের মতো গুরুত্ব দিয়ে গুরুত্বের সাথে পুরো ম্যাচটি খেলেছি।’
বাংলা৭১নিউজ/আরএইচ





























