বয়সের হিসাব যেন জয়া আহসানের লুকের কাছে বারবারই হার মানে। নতুন কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে আবারও সেই কথাই মনে করিয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। স্নিগ্ধ সাজ, স্বতঃস্ফূর্ত হাসি আর চিরচেনা মুগ্ধতা-সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জয়া আহসান। নিজের কাজের খবরের পাশাপাশি অবসর কিংবা ব্যক্তিগত সময়ের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন প্রকাশ করা ছবিগুলোতে গোলাপি রঙের পোশাকে ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। টেবিলের সামনে বসে থাকা জয়ার মুখে ছিল মিষ্টি হাসি।
অভিনেত্রীর সেই স্বতঃস্ফূর্ত হাসিই নজর কেড়েছে অনুরাগীদের। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই কিংবা নিজের অজান্তেই চলে আসা একটি হাসি। জয়ার সঙ্গে একমত হয়ে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’
তবে ছবিগুলোতে শুধু হাসি নয়, জয়ার লুক নিয়েও নেটিজেনদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিক অভিব্যক্তি, মিষ্টি হাসি আর চিরসবুজ উপস্থিতি নিয়ে প্রশংসায় মেতেছেন অনেকে।
নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘চল্লিশের জয়া যেন ১৮-তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন। সব মিলিয়ে নতুন ছবিগুলো প্রকাশের পর জয়ার সৌন্দর্য ও তারুণ্যদীপ্ত উপস্থিতি নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কাজেও ব্যস্ত সময় কাটান জয়া। অবসর পেলেই বাড়ির বাগান দেখভাল করেন তিনি। গাছপালা ও পোষ্যদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে এসব মুহূর্তের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
দুই বাংলায় সমানতালে কাজ করে যাওয়া জয়ার অভিনয়জীবনও এখন ব্যস্ততায় ভরা। সর্বশেষ তাকে দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।
নতুন ছবিতে জয়ার স্বতঃস্ফূর্ত হাসি যেমন অনুরাগীদের মন কেড়েছে, তেমনি তার চিরসবুজ উপস্থিতিও আবারও আলোচনায় এসেছে। পর্দার বাইরে এক ঝলক উপস্থিতিতেও যে দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ার ক্ষমতা তার এখনো অটুট, নতুন ছবিগুলো যেন সেটিই আবারও মনে করিয়ে দিল।
বাংলা৭১নিউজ/জেএস



























