তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে মাউরো ইকার্দির। এখনও নতুন কোনো ঠিকানা খুঁজে পাননি এই আর্জেন্টাই তারকা। এরই মাঝে বড় বিপত্তিতে পড়েছেন তিনি। প্রেমিকার ভুলের কারণে ২০৯৯ সাল পর্যন্ত গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা পেয়েছেন ইকার্দি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।
ইকার্দির বর্তমান প্রেমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তার অজান্তেই একাধিক ট্রাফিক আইন ভঙ্গের বিষয় প্রকাশ্যে আসে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোরও ঘটনা রয়েছে। পরে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শাস্তি দিয়েছে।
প্রতীকীভাবে এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৯৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত। বুয়েন্স আয়ার্সের ‘প্রাদেশিক আইন ১৩৯২৭’ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটিকে একটি ‘সতর্কতামূলক বা সাময়িক নিষেধাজ্ঞা’ হিসেবে দেখানো হয়েছে এবং প্রতীকীভাবে এর শেষ সময় ২০৯৯ সাল ধরা হয়েছে। এর মানে এই নয় যে তাকে আসলেই ৭৩ বছর অপেক্ষা করতে হবে।
ইকার্দির প্রেমিকা লা চিনা সুয়ারেজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি সিটবেল্ট না পরে চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেকেরও বেশি অংশ বাইরে বের করে রেখেছেন। সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। পরে জানা যায়, তখন তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। যা নজরে আসে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের।
বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট সরকারি সংস্থা জানিয়েছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা বাধ্যতামূলক। লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, গাড়ি চালনায় তিনি নিজেকে উপযুক্ত প্রমাণ দিলেই মিলবে নতুন লাইসেন্স। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটার সুযোগ নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ





























