ভারত-পাকিস্তানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ডে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।
গতকাল মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তে তাদের উৎসাহ দেন।
খেলার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ‘দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ দেখার সক্ষমতা অনুপ্রেরণাদায়ক।’
তিনি আরো বলেন, ‘তারা হয়তো চোখে দেখতে পায় না, কিংবা কম দেখতে পায়। কিন্তু তাদের ভিশন আছে। ভিশন আর চোখে দেখা এক জিনিস নয়। আমরা অনেক সময় চোখে দেখেও ভিশন বা দূরদৃষ্টি দিয়ে কিছু বুঝতে পারি না। ভিশন মানে ফোরসাইট; সামনে কী আছে, তা উপলব্ধি করার ক্ষমতা।’
ব্লাইন্ড ক্রিকেটারদের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, তাদের মধ্যে যে সাহস রয়েছে, তা অনেকের মধ্যেই নেই। তাদের খেলা থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে তারা অনেক কিছু করতে পারবে না—এমন ধারণা থেকে বেরিয়ে এসে তাদের পূর্ণ উৎসাহ দেওয়া প্রয়োজন।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট দলকে শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দলকে আলাদাভাবে এগিয়ে রাখতে চান না। সব দলের জন্যই শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘সেরা দলই জয়ী হোক’।
আয়োজকদেরও ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকা উচিত। একই সঙ্গে ব্লাইন্ড ক্রিকেটারদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্লাইন্ড ক্রিকেটারদের সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে তাদের আরও বেশি সহায়তা করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টটির আয়োজক। এর শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।
বাংলা৭১নিউজ/আরএইচ



























