টাইমিংয়ে উন্নতি হলো। কিন্তু লাভ হলো না।
পদকের লড়াই থেকে ছিটকে গেলেন ইমরানুর রহমান। এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ সেমিফাইনালের এক নম্বর হিটে দৌড়ান ইমরানুর। হিট শেষ করেন ১০ দশমিক ৪৪ সেকেন্ডে।
নিজের হিটের আট প্রতিযোগীর মধ্যে সপ্তম। সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম।
এর আগে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার হিটে ১০ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়েছিলেন ইমরানুর। হয়েছিলেন চতুর্থ।
২০২৩ এশিয়ান গেমসেও সেমিফাইনাল থেকে বাদ পড়েন ইমরানুর। সেবার হাংঝুতে সময় নিয়েছিলেন ১০ দশমিক ৪২ সেকেন্ড।
ফাইনালে ওঠার সুযোগ না পাওয়ায় হতাশ ইমরানুর। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোষ্টে বাংলাদেশের দ্রুততম মানব লিখেছেন, ‘আপনাদের মতোই, এশিয়ান গেমসের পারফরম্যান্স নিয়ে আমিও হতাশ। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো… যথেষ্ট ভালো খেলতে পারিনি, এমনকি আমার ভালো পারফরম্যান্সের কাছাকাছিও যেতে পারিনি।
কখনো কখনো এমনই হয়। এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, আমাকে সেই পথ খুঁজে বের করতে হবে। আপনাদের সমর্থন কখনোই ভোলার নয়।’
ফাইনালে সুযোগ পাওয়া আট প্রতিযোগীর মধ্যে সেরা টাইমিং থাইল্যান্ডের পুরিপোল বোনসোনের। সময় নিয়েছেন ৯ দশমিক ৯১ সেকেন্ড। ১০ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে অষ্টম ও শেষ প্রতিযোগী হিসেবে পদকের লড়াইয়ে সুযোগ পেয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ আজেম।
বাংলা৭১নিউজ/আরএইচ





























