এশিয়ান গেমসে লজিস্টিক্যাল ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে অ্যাথলেটদের চরম ভোগান্তির তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ কোরিয়া। এই ঘাটতিগুলোর জন্য আয়োজকদের মাত্রাতিরিক্ত ব্যয়-সংকোচন নীতিকে দায়ী করেছেন কোরিয়ান স্পোর্ট অ্যান্ড অলিম্পিক কমিটির প্রধান লি সাং-হিউন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি জানিয়েছেন, পরিবহন এবং আবাসন সংকটের মতো গুরুতর সমস্যার কারণে দক্ষিণ কোরীয় অ্যাথলেটরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আয়োজকদের দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল গেমসের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। লি সাং-হিউন স্পষ্ট করে বলেছেন যে, তারা এই অব্যবস্থাপনার জন্য শুধু মুখে দুঃখ প্রকাশ নয়, বরং টুর্নামেন্ট কর্তৃপক্ষের উচ্চ পর্যায় থেকে একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চান।
নাগোয়ায় দলের আতিথেয়তাকেন্দ্র কোরিয়া হাউসে তিনি বলেন, ‘আমি আশা করি আয়োজক কমিটি এবং ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) এই বিষয়গুলোর প্রতি আরো বেশি মনোযোগ দেবে।’
শুধু ক্ষমা চাওয়ার চেয়েও, আমি মনে করি এই সমস্যাগুলো যাতে আর না ঘটে তার জন্য তাদের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা এবং সেগুলো বাস্তবায়ন করা বেশি গুরুত্বপূর্ণ বলে যোগ করেন তিনি।
খরচ কমাতে আয়োজকরা একটি ঐতিহ্যবাহী গেমস ভিলেজ নির্মাণের পরিবর্তে ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের হোটেল, অস্থায়ী কাঠের কন্টেইনার এবং একটি ক্রুজ জাহাজে থাকার ব্যবস্থা করেছেন। যা এই বৈশ্বিক মার্যাদাপূর্ণ আসরকে কলুষিত করেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























