সালমান খানের গান নিয়ে সোনু নিগমের ‘রোস্ট’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। তবে ভিডিওটি আসলে সম্পাদনা করে এমনভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সোনু নিগম।
তার দাবি, ভিডিওটির মূল প্রতিক্রিয়া সালমান খানকে নিয়ে ছিল না।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য দেয়।
সম্প্রতি সালমান খানের প্রযোজনা সংস্থা ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে একটি পোস্ট করে। সেই পোস্টে গানটির সুরকার আমাল মালিকের নাম উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে আপত্তি জানান আমাল।
পরে পোস্টটি সংশোধন করা হলেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়।
এর মধ্যেই একটি পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সালমান খান ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি গাইছেন। আর সেই দৃশ্য দেখে সোনু নিগম মুখভঙ্গি করছেন ও কপালে হাত দিচ্ছেন।
ভিডিওতে এমন কথাও শোনা যায়, ‘অনেক দিন পর ভালো কিছু শুনলাম, এমন গান শুনলে আমি কেঁদে ফেলব।’
ভিডিওটির ওপর ‘সোনু নিগম রোস্ট সালমান খান সিংগিং’ লেখা থাকায় অনেকেই ধরে নেন, সালমানের গান নিয়েই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন সোনু।
তবে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম ফিডে শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন সোনু। তিনি জানান, ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি সালমান খানের গান নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে তার সেই প্রতিক্রিয়া ছিল এক পাকিস্তানি কিশোরী গায়িকার গান শুনে।
সোনু লেখেন, ইন্টারনেটে ‘অপ্রত্যাশিত’ কিছু দেখা যেতেই পারে। তিনি জানান, ভিডিওটি একটি পাকিস্তানি কিশোরী গায়িকার গান শোনার সময় তার দেওয়া পুরনো প্রতিক্রিয়া থেকে নেওয়া হয়েছে।
গায়ক অনীশ ম্যাথিউও মন্তব্য করে জানান, তিনি মূল ভিডিওটি মনে করতে পারছেন। তার দাবি, সোনু নিগম পাকিস্তানি গায়িকা হাদিয়া হাশমির ‘বল হু’ গান শোনার পর ওই প্রতিক্রিয়া দিয়েছিলেন।
২০২০ সালে হাদিয়া হাশমির ‘বল হু’ পরিবেশনার একটি ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনু নিগম। সেই সময় তিনি গানটির প্রশংসা করে বলেছিলেন, অনেক দিন পর কোনো গান তাকে এভাবে আবেগপ্রবণ করেছে। অভিনেতা জাভেদ জাফরিও তাকে গানটি শুনতে পাঠিয়েছিলেন বলে জানিয়েছিলেন সোনু। গানটি শুনে তার চোখে পানি চলে এসেছিল বলেও জানান তিনি।
এদিকে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয় সালমান খান ফিল্মসের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে ঘিরে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ সিনেমার গানটি আমাল মালিকের সুর করা। গানটি গেয়েছিলেন সালমান খান, আর এর রিপ্রাইজ সংস্করণে কণ্ঠ দেন আরমান মালিক।
পোস্টটিতে আমালের নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। পরে পোস্টটি সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। তবে এর পর আমাল ও আরমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। দুজনই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রতিক্রিয়া জানান।
এই বিতর্কের মধ্যেই সোনু নিগমের পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় সেটি নিয়েও তৈরি হয় বিভ্রান্তি। পরে সোনুর বক্তব্যে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওটির সঙ্গে সালমানের গান নিয়ে তার কোনো প্রতিক্রিয়ার সম্পর্ক নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ





























