কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের জয় এখন হাতছোঁয়া দূরত্বে। ল্যাঙ্কারশায়ারের বিপক্ষে জিততে আর ৫৬ রান প্রয়োজন কেন্টের।
হাতে আছে ৮ উইকেট। সময়? এখন ২ দিন খেলা বাকি রয়েছে।
এমন মুহূর্ত এনে দেওয়ার মূল কারিগর খালেদ আহমেদ। কেন্টারবুরিতে আগুনে বোলিং করেছেন বাংলাদেশি পেসার।
দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। এর মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বাকিটি ৩ উইকেটশিকার করেছেন।
দুর্দান্ত বোলিংয়ের পর উইকেট পাওয়ার রহস্যের কথা জানান খালেদ।
৩৩ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমি খুবই খুশি। সবসময় সঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করি এবং নিজের প্রক্রিয়ায় ঠিক থাকি। প্রথম স্পেলটি কিছুটা ধীর ছিল, তবে বিরতির পর বল কিছুটা ভালোভাবে ব্যাটে আসছিল। আমরা মূলত জুটি বেঁধে বোলিং করছিলাম, আর তাতেই উইকেটগুলো এসেছে।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন খালেদ।
শেষ পর্যন্ত অবশ্য পাননি। তবে বল করার সময় জানতেন না বলে জানান তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘হ্যাঁ, বিষয়টি আমার খেয়ালই ছিল না। কেউ একজন আমাকে বলল হ্যাটট্রিক মিস করেছি। অবশ্যই হ্যাটট্রিকটি চেয়েছিলাম। তবে সব মিলিয়ে আমি খুবই খুশি। সতীর্থরাও আমার প্রশংসা করেছে, আমি আনন্দিত।
খালেদের তোপে প্রথম ইনিংসের ১৬১ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয় ল্যাঙ্কারশায়ার। তাতে ১৪০ রানের লক্ষ্য পায় কেন্ট। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮৪ রান তুলেছে তারা। আজ আর ৫৬ রানের সমীকরণ মেলাতে মাঠে নামবে কেন্ট। এর আগে ২১৪ রানে থামেছিল তাদের প্রথম ইনিংস।
বাংলা৭১নিউজ/আরএইচ





























