দীর্ঘ প্রায় এক যুগ পর রাজধানীর ভাটারা থানা ও এর আশপাশের সড়কে পড়ে থাকা বিভিন্ন ফৌজদারি মামলার আলামত এবং জব্দকৃত যানবাহন অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ লাঘব, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পরিবেশ দূষণ রোধে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার অপসারণ করা এসব যানবাহন ও আলামত আপাতত পূর্বাচল পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি জানান, ‘‘থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত এক যুগ ধরে অনিষ্পন্ন বিভিন্ন ফৌজদারি মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ি ও মোটরসাইকেল ভাটারা থানার আশপাশের রাস্তায় এলোমেলোভাবে পড়ে ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পরিবেশও দূষিত হচ্ছিল।’’
অপসারণকৃত গাড়ি ও মামলার আলামতগুলো কোথায় রাখা হবে—এ বিষয়ে ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান জানান, পূর্বাচলে পুলিশের জন্য নির্ধারিত স্থান ও পুলিশ লাইন্স রয়েছে। সেখানে এসব আলামত আপাতত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং ভাটারা থানা এলাকা থেকে সরিয়ে গাড়িগুলো আপাতত সেখানেই নেওয়া হচ্ছে।
এতদিন পর এ উদ্যোগ নেওয়ার কারণ জানতে চাইলে ডিসি রুহুল কবীর খান বলেন, “পুলিশের নিয়মিত ব্যস্ততার কারণে এতদিন এ কাজটি হয়ে ওঠেনি। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় সমাজহিতৈষী ব্যবসায়ী এবং ভাটারা থানার ওসিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই আলামতগুলো অপসারণ করছি।”
তিনি আরও জানান, গুলশান বিভাগে ‘ক্লিন পুলিশিং’ ও ‘গ্রিন পুলিশিং’ চালু করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বনানী সোসাইটির সহযোগিতায় বনানী থানার ছয়টি সড়ক থেকে একইভাবে মামলার আলামত অপসারণ করা হয়েছে।
ভাটারা থানার পর পর্যায়ক্রমে খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, গুলশান ও বাড্ডা থানাসহ গুলশান বিভাগের প্রতিটি থানার আঙিনা ও আশপাশের সড়ক থেকে জব্দ করা আলামত সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় এসব গাড়ি ও মোটরসাইকেল নষ্ট হওয়ার পাশাপাশি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সড়কের বড় একটি অংশ দখল করে রেখেছিল। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
বাংলা৭১নিউজ/আরএইচ






















