সাবেক ক্লাবের সঙ্গে অর্থনৈতিক বিরোধ নিয়ে দীর্ঘদিনের চলা আইনি লড়াইয়ে বড় এক ধাক্কা খেলেন ফরাসি ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারিস কোর্ট অব অ্যাপিল কিলিয়ান এমবাপ্পেকে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৬০ হাজার ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন।
২০২৫ সালে পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত বা জব্দের প্রচেষ্টার ওপর রুল জারি করে আদালত এই রায় দেন বলে জানিয়েছে ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’। রিয়াল মাদ্রিদ তারকা এবং তার পুরোনো ক্লাবের মধ্যে চলমান আইনি বিরোধে এটিকে পিএসজির জন্য একটি বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে পিএসজি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন ফ্রান্সের অধিনায়ক। তবে ক্লাব ছাড়ার পর বকেয়া বোনাস ও অন্যান্য ইনসেনটিভ বাবদ পিএসজির কাছে ৬০ মিলিয়ন ইউরো দাবি করেন তিনি।
ফরাসি ফুটবল লিগের (এলএফপি) আইনি কমিটির সমর্থন থাকা সত্ত্বেও বিষয়টির কোনো সুরাহা না হওয়ায়, ২০২৫ সালের প্রথম দিকে বিষয়টি শ্রম আদালতে নিয়ে যান এমবাপ্পে। সেখানে ক্লাবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদনের প্রেক্ষিতেই এবার উল্টো জরিমানার মুখে পড়তে হলো এই তারকা ফরোয়ার্ডকে। যদিও অর্থনৈতিক ক্ষতিপূরণের পরিমাণ ক্লাব হিসেবে পিএসজির জন্য খুব বেশি বড় নয়, তবুও নৈতিক ও আইনি দিক থেকে এটিকে পিএসজির বড় জয় হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























