চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না বলেও অনেক না-বলা গল্প বলে দিচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তাঁর এমনই এক ছবিতে দেখা মিলেছে ভিন্ন এক দীপার।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ছবিটি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিটি প্রকাশের পর তাঁর নতুন লুক নিয়ে কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে।
তবে এটি বাস্তব জীবনের কোনো মুহূর্ত নয়, বরং নতুন একটি নাটকের দৃশ্য।
দীপা জানিয়েছেন, ছবিটি তাঁর অভিনীত নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর একটি স্থিরচিত্র, যেটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকদের আগ্রহ আবারও বাড়ছে। আর পারিবারিক গল্পের নাটক বলতেই দর্শকের কাছে পরিচিত মুখ দীপা খন্দকার। ক্যারিয়ারের শুরু থেকেই এ ধরনের গল্পকে গুরুত্ব দিয়ে আসছেন তিনি।
অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পের নাটকগুলোকে প্রাধান্য দিয়ে আসছি। মাঝে আমাদের নাটক কিছুটা এখান থেকে সরে আসে। এখন অনেক নির্মাতা আবার পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। দর্শক সেগুলো দারুণভাবে দেখছেনও। এ নাটকও আশা করি দর্শকের ভালো লাগবে।
নাটকের প্রতিটি চরিত্রে তারা নিজেদের খুঁজে পাবে।
‘কর্মফল’ সিরিজে দীপা খন্দকারের সঙ্গে আরো অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ অনেকে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























