ফুটবল মাঠে ফাউল বা অসদাচরণের জন্য হলুদ ও লাল কার্ডের ব্যবহার দেখে সবাই অভ্যস্ত। তবে এবার ফুটবলের সবুজ গ্যালারিতে নতুন সংযোজন হিসেবে যোগ হতে যাচ্ছে ‘ব্ল্যাক কার্ড’ বা কালো কার্ড।
ইউরোপীয় ফুটবলে প্রথমবারের মতো রোমানিয়ার ফুটবল ফেডারেশন (এফআরএফ) তাদের যুব ও বয়সভিত্তিক ফুটবলে অভিভাবকদের আক্রমণাত্মক ও অনুপযুক্ত আচরণ নিয়ন্ত্রণে এই বিশেষ কার্ড চালুর যুগান্তকারী ঘোষণা দিয়েছে।
মাঠের কোনো ফুটবলার বা কোচিং স্টাফকে শাস্তি দেওয়া এই কার্ডের উদ্দেশ্য নয়। বরং গ্যালারিতে থাকা উগ্র অভিভাবক ও দর্শকদের কুরুচিপূর্ণ আচরণ রুখতেই ব্যবহৃত হবে নতুন এই ‘ব্ল্যাক কার্ড’।
ক্ষুদে ফুটবলারদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই উদ্যোগটি নিয়েছে রোমানিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
প্রায়শই বয়সভিত্তিক ম্যাচগুলোতে অভিভাবকদের অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে গালিগালাজ, এমনকি প্রতিপক্ষ দলের কোমলমতি শিশুদের মানসিক চাপে ফেলার ঘটনা দেখা যায়। এফআরএফ-এর মতে, বড়দের এই অসদাচরণ শিশুদের মানসিক বিকাশে চরম বাধা সৃষ্টি করে।
ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফুটবলে গ্যালারি নিয়ন্ত্রণের জন্য এটি একেবারে নতুন এক নজির। যদিও আয়ারল্যান্ডের গেইলিক ফুটবলে কৌশলগত ফাউলের জন্য কালো কার্ডের প্রচলন রয়েছে, কিন্তু ইউরোপের মূলধারার ফুটবলে দর্শকদের লক্ষ্য করে এমন পদক্ষেপ সত্যিই ব্যতিক্রমী।
বিশ্বজুড়েই যুব ফুটবলে অভিভাবকদের বাড়াবাড়ি ও অপ্রীতিকর আচরণ এক বড় উদ্বেগ। রোমানিয়ার এই অভিনব চেষ্টা যদি সফল হয়, তবে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশের বয়সভিত্তিক ফুটবলেও গ্যালারির শৃঙ্খলা ফেরাতে ব্ল্যাক কার্ড চালুর নতুন পথ খুলে যেতে পারে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























