গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। এসব প্রতিরোধে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনও সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনার কথা শুনেছেন। কয়েক দিন ধরে সেখানে এমন পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তবে এর বাইরে আর কী পদক্ষেপ নেয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় অগ্নিসংযোগ ও লুটতরাজ চালানো হবে, সে বিষয়ে আগাম ঘোষণা দেয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। সরকারের কাছে এ তথ্য না থাকলে তা জানার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে বিবৃতি দেয়ার দাবি জানান।
সংসদে গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ শতাংশ এ খাত থেকে আসে। বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয় এ শিল্প থেকে। এর পরই রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
তিনি বলেন, গার্মেন্টস খাতে বিপর্যয় দেখা দিলে শিল্প উদ্যোক্তা ও মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে ব্যাংকিং খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে উৎপাদন ব্যাহত হলে শ্রমিকদের পাওনা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। কারখানা বন্ধ বা লে-অফ হলে নতুন করে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে।
শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কাজ হারালে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেয়া কঠিন হবে। এতে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই এ খাতের সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার এককভাবে এ খাতের সমস্যা সমাধানে ব্যর্থ হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করলে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরে আসবে। বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক বার্তা পৌঁছাবে।
গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারি আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে জামায়াতের আমির বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত হওয়ায় শ্রমিকদের সহায়তায় সরকারের সরাসরি আর্থিক ভূমিকা রাখা প্রয়োজন। পার্শ্ববর্তী দেশেও এ ধরনের উদ্যোগ রয়েছে। শিল্প মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও সুরক্ষা দিতে হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানে অনেক নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারসহ সবার দায়িত্ব।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা দেশকে ভালোবাসলে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে, মানুষের জীবন কেড়ে নিতে কিংবা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে পারে না। পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে।
বাংলা৭১নিউজ/জেএস





















