প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের বাংলাদেশ দল খেলবে টুর্নামেন্টের শীর্ষ স্তরের ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে লাল-সবুজরা। আর ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি।
এবারের টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আয়োজক ইন্দোনেশিয়া।
অন্যদিকে গ্রুপ ‘বি’ তে লড়বে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলো নিজেদের অবস্থান নির্ধারণী (প্লেসমেন্ট) ম্যাচে অংশ নেবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























