‘যে রাঁধে সে চুলও বাঁধে’—পারফরম্যান্সে আজ জনপ্রিয় বাংলা প্রবাদের যথার্থ উদাহরণ কাসেমিরো। ইন্টার মায়ামির হয়ে শুধু রক্ষণভাগই সামলাচ্ছেন না, দলের জয়েও অবদান রাখছেন ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার।
কখনো আবার গোল করে দলের পরজয়ও এড়াচ্ছেন কাসেমিরো। তার গোলেই আজ সোলজার ফিল্ডে লিওনেল মেসি-রবার্ট লেভানডফস্কির লড়াইয়ে কেউই জিততে পারেননি। ১-১ গোলে ড্র হওয়ায় শিকাগো ফায়ার এফসি-মায়ামি ম্যাচে তাই জয় হয়েছে ফুটবলের।
ঘরের মাঠে অবশ্য হাসিমুখে মাঠ ছাড়তে পারতেন লেভাই।
কারণ ম্যাচের ১০ মিনিটে দারুণ এক গোলে শিকাগোকে লিড এনে দেন পোল্যান্ডের কিংবদন্তি। সতীর্থ অ্যান্ড্রু গুটমানের ক্রসে সাইড ভলিতে গোলটি করেন তিনি। টানা তৃতীয় ম্যাচে পাওয়া তার সেই গোলে পরে বিরতিতেও যায় শিকাগো।
তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
বিরতির পরপরেই যে আরেকবার জ্বলে ওঠে মেসি-কাসেমিরো জুটি। ৪৭ মিনিটে মেসির কর্নার থেকে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান কাসেমিরো। সর্বশেষ দলের টানা তিন ম্যাচেই গোল পেয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
আজ গোল পেতে পারতেন মেসিও। তবে আর্জেন্টিনার সাবেক অধিনায়কের সামনে বাধা হয়ে দাঁড়ান শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি।
মেসির নিশ্চিত ৪ গোল প্রতিহত করেছেন তিনি। সবমিলিয়ে ম্যাচে ৬ সেভ দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক।
বাংলা৭১নিউজ/আরএইচ





























