আগামী বছরের মে মাসে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের প্রায় আট মাস আগেই টেস্টের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনে।
ইতিমধ্যে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
গতকাল শুক্রবার ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট উন্মুক্ত করেছে লর্ডস। ‘হোম অব ক্রিকেট’-এ গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে ব্যালটের মাধ্যমেও আবেদন করতে পারবেন। এতে অংশ নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
ব্যালটে আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর।
নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সবার জন্য সাধারণ বিক্রি।
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।
সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার সেই অপেক্ষার অবসান হবে লর্ডসে। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ অবশ্য হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশে। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
লর্ডসে বাংলাদেশের শেষ টেস্টের স্মৃতিও বেশ উজ্জ্বল। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেঞ্চুরি উদযাপন করেছিলেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। সময়ের পরিক্রমায় সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।
ঐতিহাসিক সেই মাঠে বাংলাদেশের পরবর্তী অধ্যায় শুরু হতে এখনো আট মাস বাকি। তবে টিকিটের ব্যালট খুলে যাওয়ায় লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল এখনই।
বাংলা৭১নিউজ/আরএইচ




























