বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বুধবার জাপানের প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে এক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
তাকাইচি বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে একটি অবাধ ও মুক্ত ‘ইন্দো-প্যাসিফিক’ সম্পর্ক বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় টোকিও।
জাপানের প্রধানমন্ত্রী জানান, নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে জাপান দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন বড় প্রকল্পে জাপানের সহযোগিতা রয়েছে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নেও দুই দেশের সহযোগিতা ক্রমেই বাড়ছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দনকে দুই দেশের বিদ্যমান কৌশলগত ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হওয়ার ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বাংলা৭১নিউজ/জেএস






















