বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তিন বছরে ২৯০ তরুণীর চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করেছে শিস্টেম প্রকল্প। ইতোমধ্যে ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।
রাজধানীর হোটেল আমারি ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরিচালিত তিন বছর মেয়াদি প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি প্রকল্পে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
প্রকল্প সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্টেম খাতে কর্মরতদের মধ্যে নারীর অংশ মাত্র ১৪ শতাংশ। এ পরিস্থিতিতে ২০২৩ সালের নভেম্বর থেকে শিস্টেম প্রকল্প নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্প খাতের সঙ্গে সংযোগ তৈরিতে কাজ করেছে। প্রকল্পের আওতায় যেসব শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, তাদের ৬০ শতাংশই নারী।
লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করেছে। কনসোর্টিয়ামের অন্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
তিন বছরে প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতৃবৃন্দের সঙ্গে মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিয়ে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালিত হয়।
প্রকল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। এ ছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি করা হয়েছে।
শিস্টেম প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি বিজনেস কেস রিপোর্ট। এতে স্টেম খাতে নারীদের জন্য বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়।
২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পান। চুয়েটের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। এ ছাড়া কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২.০০’-এর মতো বিজনেস-টেক চ্যালেঞ্জে ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, ‘তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের উদ্যাপন করছি, যাঁরা তা প্রমাণ করেছেন; আর সেই সহযোগীদেরও, যাঁরা তাঁদের জন্য জায়গা করে দিয়েছেন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। স্টেম খাতে নারীদের জন্য সমতাভিত্তিক পথ তৈরির বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটুআই, বিএসআরএম ও ইউএনডিপির প্রতিনিধিরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। অনুষ্ঠানে মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























