অভিনয়ের পর্দায় নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। এবার ক্যামেরার সামনে নয়, আন্তর্জাতিক পুরস্কারের জমকালো মঞ্চে দেখা গেল ভিন্ন এক বিজয় সেতুপতিকে। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছে এই ভারতীয় অভিনেতার। নিউ ইয়র্কের হিল্টন মিডটাউনে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভূমিকায় হাজির হয়ে নজর কেড়েছেন তিনি।
নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বসে আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা মাইকেল ইউরি। এবারের প্রতিযোগিতায় ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মোট ৬৪ জন।
বিজয় সেতুপতির পাশাপাশি উপস্থাপকের দায়িত্ব পালন করেন কনস্ট্যান্স জিমার, সেলিয়া ইমরি, জে ফ্যারো, গাস কেনওয়ার্দি, সোফি শার্লট, রবি জিকে ও ডেভিড জাসলাভের মতো তারকারা।
অনুষ্ঠানের লালগালিচায় বিজয়ের পোশাকও ছিল আলোচনায়। কালো ব্লেজারে সেজেছিলেন তিনি। ডান কাঁধ ও বাঁ পাশের পকেটের কাছে সূক্ষ্ম সোনালি নকশার কাজ তার পোশাকে যোগ করেছিল ভিন্ন মাত্রা।
এবারের আন্তর্জাতিক এমির প্রতিযোগিতামূলক বিভাগেও ছিল ভারতের প্রতিনিধিত্ব। নেটফ্লিক্সের স্ট্যান্ড-আপ অনুষ্ঠান ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন কৌতুকশিল্পী বীর দাস। তবে এবার পুরস্কার জেতা হয়নি তার।
অন্যদিকে, নাটক/ক্রীড়া তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল সোনিলিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’। তবে প্রতিযোগিতার ফলের বাইরেও এবারের আয়োজনে বিজয় সেতুপতির উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অভিনয়শিল্পী হিসেবে পরিচিত এই তারকার আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপকের নতুন পরিচয় দর্শকদের নজর কেড়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























