আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামী অক্টোবরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আসছে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ে। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এক বিবৃতিতে এই রোমাঞ্চকর সূচি ঘোষণা করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। এর ঠিক তিন দিন পর, অর্থাৎ ৬ অক্টোবর দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের মুখোমুখি হবে ভারতীয় দল।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮তম স্থানে থাকা এবং কখনো বিশ্বকাপে না খেলা ভারতের জন্য এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক আন্তর্জাতিক উইন্ডো। কলকাতার পাশাপাশি ফুটবলের অন্য এক প্রাণকেন্দ্র বেঙ্গালুরুতেও প্রীতি ম্যাচ রয়েছে; যেখানে আগামী ২৬ সেপ্টেম্বর পানামার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত।
এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, একই ফিফা উইন্ডোতে পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো তিনটি বিশ্বকাপ খেলা দেশ ভারতে সফরে আসায় দেশের ফুটবলপ্রেমীরা এক অভূতপূর্ব আন্তর্জাতিক ফুটবলের রোমাঞ্চ উপভোগ করার সুযোগ পাবেন।
বাংলা৭১নিউজ/জেএস




























