বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ ইমাম। তবে ক্রিকেট বোর্ডের সঙ্গে তার পথচলা শেষ হচ্ছে না। নতুন দায়িত্বে বিসিবির এজিএম হিসেবে কাজ করবেন তিনি। মূলত হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব সামলাবেন রাবিদ।
২০০৫ সাল থেকে বিসিবির সঙ্গে আছেন রাবিদ ইমাম। দীর্ঘ ২১ বছর ধরে মিডিয়া বিভাগের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়তে পারেন অভিজ্ঞ এই কর্মকর্তা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাবিদ ইমাম নিজেই। তিনি জানিয়েছেন, মিডিয়ার দায়িত্ব থেকে সরে গিয়ে এখন আরও সরাসরি ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান।
রাবিদ ইমাম বলেন, অনেক বছর তো হলো দায়িত্বের। যে কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম, এই দায়িত্ব ছেড়ে কীভাবে আরও সরাসরি ক্রিকেটের সঙ্গে থাকা যায়। এখন সুযোগ পেয়েছি, চেষ্টা করব কাজ করার।
নতুন দায়িত্বে এজিএম হলেও রাবিদের মূল কাজ হবে বিসিবির এইচপি বিভাগকে ঘিরে। বিশেষ করে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা এবং ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায় তিনি ভূমিকা রাখবেন।
এদিকে রাবিদ ইমামের দায়িত্ব ছাড়ার পর বিসিবির মিডিয়া বিভাগেও আসতে পারে পরিবর্তন। জানা গেছে, নতুন করে অন্তত দুজন মিডিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হতে পারে। কারা এই দায়িত্ব পাচ্ছেন, তা দ্রুতই জানা যেতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস



























