মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ে অন্তত ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে ঐতিহ্যবাহী ও অপ্রচলিত পদ্ধতির এই খনিটি ধসে পড়ে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার চেষ্টায় ধসে পড়া খনি থেকে ৩০টি লাশ উদ্ধার করেন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে আসা ঘটনার দৃশ্যে দেখা যায়, কাদা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে বিশৃঙ্খলভাবে লাশ টেনে বের করছেন স্থানীয় শ্রমিকেরা। উপ-প্রশাসনিক অঞ্চলের উপ-মেয়র সুলেমান বি পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে আটকে পড়াদের টেনে তুলতে আন্তর্জাতিক সংস্থা ও সর্বস্তরের মানুষের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।
বেঁচে যাওয়া এক খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে জানান, খনির গভীরে আরো অনেকেই আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবিত উদ্ধারের আশা হারিয়ে যাচ্ছে। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে সরকার।
উল্লেখ্য, পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ছাড়া ক্ষুদ্র ও অপরিকল্পিতভাবে খনি খননের কারণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























