পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের উচ্চ রক্তচাপ নিয়ে উদ্বেগ জানিয়েছে তার দল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে দেওয়া এক প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা জানানোর পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছে পিটিআই।
ইমরানের মামলার শুনানির এক দিন আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। এতে বলা হয়, ইমরানের উদ্বেগ ও রক্তচাপের সমস্যা কমাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়া উচিত।
পিটিআই নেতারা এক সংবাদ সম্মেলনে বলেন, ইমরানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে। একই সঙ্গে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনটি অত্যন্ত উদ্বেগজনক। এতে পুরো দেশের মানুষ উদ্বিগ্ন হয়েছে।
তিনি বলেন, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরা তার রক্তচাপ পরীক্ষা করলে তা স্বাভাবিক পাওয়া গেছে। কিন্তু সোমবারের সরকারি প্রতিবেদনে ইমরান খানের রক্তচাপ বেশি থাকার কথা বলা হয়েছে।
আফ্রিদি বলেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি গুরুতর। তিনি দাবি করেন, ২ ডিসেম্বরের পর থেকে ইমরানের পরিবারের সদস্য, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের কেউ তার সঙ্গে দেখা করতে পারেননি।
তিনি আরো বলেন, সরকারি প্রতিবেদন প্রকাশিত হলেও কারাগারের ভেতরে ইমরানের সঙ্গে আসলে কী ঘটেছে, তা পিটিআই এখনো জানে না। তার অভিযোগ, ইমরানের বর্তমান শারীরিক অবস্থার জন্য পাকিস্তানের বর্তমান সরকার এবং তার ভাষায়, অপহরণকারীরা দায়ী।
আফ্রিদি বলেন, ইমরানের চোখের সমস্যা প্রকাশ্যে আসার পর থেকেই তার দল দাবি করে আসছে, ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করা হোক।
তিনি বলেন, ইমরানের আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ আবার চালু করা উচিত। তার ভাষায়, আমাদের এই দাবি অসাংবিধানিক বা অবৈধ নয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে বিচার বিভাগও নীরব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আফ্রিদি প্রশ্ন করেন, দেশের সবচেয়ে বড় দলের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কারাগারে থাকেন এবং বিচার বিভাগ তাকেই ন্যায়বিচার দিতে না পারে, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবে?
তিনি বলেন, ২৫ কোটি মানুষের শেষ ভরসা বিচার বিভাগ। পিটিআই বিচার বিভাগের কাছে কোনো বিশেষ সুবিধা নয়, ন্যায়বিচার চাইছে। আফ্রিদি জানান, ইমরানের মামলার শুনানির জন্য মঙ্গলবার তিন সদস্যের একটি বেঞ্চ বসবে। ওই দিন ইমরানের সঙ্গে আইনজীবী ও পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া উচিত।
তিনি বলেন, ইমরানের চিকিৎসা ও তার সঙ্গে সাক্ষাতের বিষয়ে পিটিআইয়ের ন্যায্য দাবি মেনে নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য, আইনজীবী ও দলীয় নেতারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
আফ্রিদি আরো বলেন, বিচার বিভাগ যদি ন্যায়বিচার না করে, তাহলে জনগণ নিজেরাই ন্যায়বিচারের জন্য এগিয়ে যাবে। তিনি বলেন, কোনো দলীয় নেতা, প্রতিষ্ঠান বা বিচার বিভাগ জনগণের ন্যায়বিচারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
ইমরানের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে দেশকে জানাতে তার পরিবারই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন আফ্রিদি। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, ইমরানের রক্তচাপ বেশি থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রত্যেক পাকিস্তানির উদ্বেগ ও দাবি হলো, তাকে অবিলম্বে হাসপাতালে নেওয়া হোক, যাতে তিনি সর্বোত্তম চিকিৎসা পান।
বাংলা৭১নিউজ/আরএইচ

























