নেইমার ও থিয়াগো মেন্দেসের দ্বন্দ্ব বেশ পুরোনো। সেই দ্বন্দ্ব আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের সময় ইচ্ছাকৃতভাবে নেইমারকে এড়িয়ে যান মেন্দেস।
নেইমার হাত বাড়ালেও করমর্দন না করেই চলে যান ভাস্কোর এই মিডফিল্ডার। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্যালারিতেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। ভাস্কো সমর্থকদের একাংশ নেইমারের কান্নার মুখাবয়বের মাস্ক পরে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করেন।
নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, মাথাচাড়া দিয়ে উঠল পুরোনো শত্রুতা
মেন্দেসের এই আচরণে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও। তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর সঙ্গে জালাতান ইব্রাহিমোভিচকে ঘিরে প্রচলিত একটি ঘটনার প্রসঙ্গ টেনে মেন্দেসকে কটাক্ষ করেন।
আমানসিওর বক্তব্যের মূল কথা ছিল, বড় মাপের তারকারা সাধারণত সহজ-সরল ও স্বাভাবিক থাকেন, অথচ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যেই অহংকার বেশি দেখা যায়।
দ্বন্দ্বের শুরু
নেইমার ও মেন্দেসের দ্বন্দ্বের শুরু হয় ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। সেই ম্যাচে মেন্দেসের একটি ভয়ংকর ট্যাকেলে গুরুতরভাবে চোট পান নেইমার। ট্যাকেলটির পর মেন্দেস লাল কার্ড দেখেন এবং পরবর্তীতে প্রকাশ্যে নেইমারের কাছে ক্ষমাও চান। তবে ঘটনাটি নেইমার ও তার পরিবারের মনে গভীর ক্ষত তৈরি করে।
তৎকালীন সময়ে নেইমারের বাবা নেইমার সিনিয়রও মেন্দেসের ট্যাকেল নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, বারবার শারীরিক ও হিংসাত্মক ফাউলের শিকার হওয়ার পরও কেন ভুক্তভোগীকেই দায়ী করা হবে।
দুজনই চলতি বছরে ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো দ্বন্দ্ব আবার সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচের প্রথমার্ধে মেন্দেসের ফাউলে ক্ষুব্ধ হয়ে নেইমার তার মুখোমুখি হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে মেন্দেসের স্পর্শে নেইমার মাটিতে পড়ে যান। ঘটনার পর দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়। তবে উত্তেজনা সেখানেই শেষ হয়নি। বিরতির সময় ড্রেসিংরুমের টানেলেও দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে।
ম্যাচের পর নেইমার মেন্দেসকে নিয়ে আরও কড়া মন্তব্য করেন। স্পোর্টভিকে তিনি বলেন, মেন্দেস সবসময় ঝামেলা শুরু করতে চান এবং নিজেকে খুব শক্তিশালী দেখানোর চেষ্টা করেন। একপর্যায়ে নেইমার তাকে সরাসরি ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ




























