ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ ১৫ আগস্ট (শনিবার) ভারতে স্বাধীনতা দিবসের ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বন্দরের অভ্যন্তরে দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো আটকে থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ফলে দুই দেশের বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে আসা ট্রাকের জট বাড়ছে, এতে আর্থিক ক্ষতিও বাড়বে। রবিবার সকাল থেকে কার্যক্রম চালু হলেই পণ্যজট কমবে।
বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ১৫ আগস্ট ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















