নেত্রকোনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) পূর্বধলা ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পূর্বধলার জামুদ গ্রামের সুমন মিয়ার ছেলে আব্দুল আলিম (৬), কলমাকান্দার কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার ছেলে মুয়াজ (১) ও শুনই গ্রামের টিটু মণ্ডলের ছেলে তাসকিন তারেক (১ বছর ৮ মাস)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে পরিবারের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় আব্দুল আলিম। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, কলমাকান্দার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মুয়াজ।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে মারা যায় তাসকিন তারেক।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















