লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্যের সময় পরিবারের ব্যক্তিগত মুহূর্তে ড্রোন দিয়ে ছবি ধারণের চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এ ঘটনায় মেসি পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।
স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে আর্জেন্টিনার রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যাওয়ার দুই দিন পর বাবাকে শেষবিদায় জানান মেসি।
শেষকৃত্যে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে তিনি মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগ দেন।
পরিবারের গোপনীয়তা নিশ্চিত করতে শনিবার দুপুর থেকেই কবরস্থানের প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এই নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করে বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল কবরস্থান এলাকায় ড্রোন ওড়ায় বলে স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ একাধিক আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে।
ড্রোনের মাধ্যমে ওপর থেকে শোকাহত মেসি পরিবারের ছবি ধারণের চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন এবং পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে অনধিকার হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তা ফে পুলিশ কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। রোববার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল।
এ ঘটনার পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে মেসির আইনজীবী দল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত শোকযাত্রার সীমা লঙ্ঘন করে ছবি ধারণের চেষ্টা করা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তারা।
এর আগে মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির শেষ বিদায় সম্পূর্ণ পারিবারিকভাবেই অনুষ্ঠিত হবে। কোনো উন্মুক্ত শোকসভা আয়োজন করা হবে না।
তবে মেসির বাবার মৃত্যুতে শোক জানাতে কবরস্থানের বাইরে জড়ো হন অসংখ্য ভক্ত। তাদের মধ্যে ছিলেন ১৫ বছর বয়সী লুকাস ব্লাঙ্কো। মেসির প্রতি শ্রদ্ধা জানাতে প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকে রোজারিওতে আসেন তিনি।
লুকাসের মতো অনেক ভক্তই মনে করেন, আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোর এটাই তাদের সুযোগ। কেউ কেউ হাতে পোস্টার নিয়েও সেখানে দাঁড়ান। পোস্টারে লেখা ছিল ‘মেসি, শক্ত থাকুন’।
বাংলা৭১নিউজ/জেএস




























