শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই। শরীর থেকে যতটা পানি বের হয়ে যায়, তার চেয়ে কম পানি গ্রহণ করলে দেখা দেয় পানিশূন্যতা। সময়মতো এর যত্ন না নিলে এটি গুরুতর শারীরিক সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
পানিশূন্যতা হলে শরীর কিছু সতর্ক সংকেত দেয়। যেমন—বারবার তৃষ্ণা লাগা, মাথাব্যথা, মাথা ঘোরা, দুর্বল লাগা, ক্লান্তি, মুখ, ঠোঁট ও জিহ্বা শুকিয়ে যাওয়া, চোখ বসে যাওয়া, গাঢ় হলুদ ও তীব্র গন্ধযুক্ত প্রস্রাব হওয়া কিংবা স্বাভাবিকের তুলনায় কম প্রস্রাব হওয়া। শিশুদের ক্ষেত্রে মাথার নরম অংশ বসে যাওয়া, কান্নার সময় চোখে পানি না আসা, কম ভেজা কাপড়, অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা খিটখিটে আচরণও পানিশূন্যতার লক্ষণ হতে পারে।
শরীরে পানি শূন্যতা দেখা দিলে প্রচুর পরিমাণে পানি পান করুন। দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন।
ঘাম বাড়িয়ে দেয় এমন পোশাক পরবেন না। হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
ব্যায়াম করার আগে পানি পান করুন। এ ছাড়া অফিসে বা বাড়িতে কাজ করার ফাঁকে ফাঁকে পানি পান করুন।
বেশি গরম লাগলে শরীরকে ঠান্ডা রাখার জন্য ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে নিন।
রসালো ফল বা পানি আছে এমন ফল খান। যেমন : শশা, ডাব, টমেটো ইত্যাদি।
বাংলা৭১নিউজ/জেএস



























