শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১৯ প্রাণ, ১১ জনই মোটরসাইকেলের আরোহী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঈদের আনন্দমুখর আবহের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের কেউ ঈদ করতে প্রিয়জনদের কাছে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, কেউবা আবার বাসে করে ঢাকায় ফিরছিলেন। এসব দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুইজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছেন।

বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

গোপালগঞ্জে পাঁচজন নিহত:

গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসা. খাদিজা খাতুন (৩৫) এবং একই এলাকার আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। নিহত শিশুসহ আরও দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটিকে এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন।

আরও পাঁচ জেলায় মোটরসাইকেলের ৯ আরোহী নিহত:

ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল ও কুষ্টিয়ায় নয়জন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।

পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মৎস্য ব্যবসায়ী জব্বার হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (১৬)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঈদের নামাজ পড়ার পর ফয়সাল ও তামিম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ফয়সাল এবং অটোরিকশার দুই যাত্রী সোহরাব হোসেন (৫০) ও শরীফকে (২৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যজন।

এ ঘটনায় আহত আরেক তরুণ জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।নিহত দুজন হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)। আহত আবদুল্লাহ (১৯) একই ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ, স্বজন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার নিজের মোটরসাইকেলে শেরপুর থেকে নরসিংদীতে ফিরছিলেন রুমান মিয়া। অন্যদিকে বন্ধু আবদুল্লাহর মোটরসাইকেলে চড়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন চান মিয়া। সন্ধ্যায় বাজনাব এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুমান মিয়ার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান চান মিয়া।

চান মিয়ার চাচা সোলেমান খান বলেন, চান মিয়া একটি ডাইং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে বন্ধুর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারটি উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা বলেন, অভিযোগ না থাকায় রুমান মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া চান মিয়ার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।

ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে একজন আরোহী নিয়ে ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশাল সদরের বাড়িতে যাচ্ছিলেন আল ইমরান। পথে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অপর দিক থেকে একজন আরোহী নিয়ে আসা সাইফুল মোল্লার মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের দুই চালক মারা যান।

আহত দুজন হলেন রেজাউল ইসলাম হাওলাদার ও মো. বাসার মোল্লা। তাঁদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, রাতে নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো বৃহস্পতিবার ভোরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় রাখা হয়েছে।

এ ছাড়া গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছেন। নিহত আলিমুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত তরুণ সাব্বির গাজী (১৮) যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন (১৯) একই গ্রামের রিপন গাজীর ছেলে।

লোহাগড়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের দুটি আইলাইনার ভেঙে পড়ে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১টার দিকে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত যদুবয়রা সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকার রবিন শেখ (১৮), ফরহাদ হোসেন (১৮) ও টুটুল হোসেন (২০)। তারা সবাই বন্ধু এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। তারা একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে করে যদুবয়রা সেতু থেকে জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মো. সাইদুল জানান, মোটরসাইকেলটির গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারের মতো ছিল। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে।

আহত ফরহাদ হোসেন বলেন, “ঈদে একটু ঘুরতে বের হয়েছিলাম। গাড়ির গতি বেশি ছিল। মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।”

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে আইলাইনারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার এবং সড়কে সতর্কভাবে যান চালানোর আহ্বান জানান।

দুই জেলায় আরও তিনজন নিহত:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের শামসুল হক ও দুলালী বেগম দম্পতির ছেলে মো. আবদুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বারো আরিয়া গ্রামের আল আমিন ও ফরিদা বেগম দম্পতির মেয়ে আরিফা খাতুন (৪)। দুর্ঘটনায় আহত দুলালী বেগম (২৫) ও ফরিদা বেগম (২০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, ঈদ করতে বুধবার রাতে মায়েদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় দুই শিশু। ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস থেকে নেমে তারা সিএনজিচালিত অটোরিকশায় ভাদুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ছাড়া মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনের দিকে (ইঞ্জিন কভার) বসে ছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষেন চালক। এ সময় সাত্তার ছিটকে বাসের দরজা দিয়ে বাইরে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধায় দুইজন নিহত:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরশহরের রাইগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬) ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক সিদ্দিক আলী (৩৫)। গুরুতর আহত যুবকের নাম মারুফ প্রধান (১৮)। তিনি পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে রাইগ্রাম থেকে অটোরিকশায় শহরের দিকে আসছিলেন হাসান ও মারুফ নামে দুই যুবক। রাইগ্রাম মোড়ে চালক অটোরিকশাটি ঘোরানোর সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে পর্যায়ক্রমে হাসান ও সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহত মারুফের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই ফারুক জানান, রমেক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের ময়নাতদন্ত অনুষ্ঠিত হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ‍দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com