দেশের সড়ক, সেতু ও রেলপথকে আন্তর্জাতিক মানে নিতে জাপানের সহযোগিতা লাগবেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে জাইকার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো দলটির নেতৃত্ব দেন। বৈঠকে ছিলেন রেলপথ ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মন্ত্রী বৈঠকে বলেন, “যোগাযোগ খাতকে নিরাপদ ও আধুনিক করতে সরকার কাজ করছে। এই কাজে জাইকা শুরু থেকেই পাশে আছে। তাদের দীর্ঘদিনের সহযোগিতা আমাদের জন্য বড় ভরসা।”
তিনি জাইকার ভূমিকার প্রশংসা করে আরো সহযোগিতা চান।
জবাবে জাইকা প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তারা আগামীতেও পাশে থাকবে। চলমান ও নতুন প্রকল্পে সহযোগিতা আরো বাড়ানো হবে।
বৈঠকে সড়ক, সেতু, রেল ও নৌপথের চলমান প্রকল্প, টেকসই অবকাঠামো নির্মাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখাও ঠিক হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ

























