শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসনে মাঠে একসঙ্গে চার মন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে একদিনে একসঙ্গে মাঠে নেমেছেন এক মন্ত্রী ও তিন প্রতিমন্ত্রী। শনিবার নগরীর বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা ও খাল পরিদর্শন করেন তারা।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরীর প্রবর্তক মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেনও।

পরে শুলকবহর এলাকায় খাল সংস্কারকাজ পরিদর্শন শেষে অর্থমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তহবিল সংকট থাকলেও প্রকল্পের বাকি অর্থ ছাড় দেওয়া হবে।

তিনি বলেন, অতি মাত্রায় বৃষ্টিপাত হলে সাময়িক জলাবদ্ধতা হতে পারে, তবে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা আর থাকবে না বলে আমরা বিশ্বাস করি। প্রকল্প শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা হবে। মেয়রের নেতৃত্বে গঠিত কমিটি এ বিষয়ে কাজ করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্ষাকালে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পরে পূর্ণোদ্যমে তা সম্পন্ন করা হবে। চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম নগরীর পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রকল্পের অর্থায়ন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে প্রকল্প নেওয়া হলেও সঠিকভাবে অর্থায়ন হয়নি। সরকারি তহবিলের ওপর চাপ থাকলেও চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ব্যয় বেড়েছে, পাশাপাশি আগের সরকারের দেনার চাপও রয়েছে। এরপরও চট্টগ্রামের এ প্রকল্পে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com