শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পেল ১৯ সদস্যের কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এবং সদস্য সচিব হিসেবে থাকবেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া কমিটিতে সেনাবাহিনী, পুলিশ, ওয়াসা, সিডিএ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন, জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরাও।

এছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা তলিয়ে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ অবস্থায় পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রামে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি নগরের বিভিন্ন খাল ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন।

পরবর্তী সময়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নবগঠিত এই কমিটি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা সমস্যা নিরসনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com