বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষা কূটনীতিসেবা জোরদার এবং নারী শ্রমিকদের জরুরি সহায়তায় বিশেষ হটলাইন চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রস্তাব বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (২৩ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরুল আদিব চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, হুম্মাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাইদ আল নোমান, মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। সভাপতির আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানান, অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে পরবর্তী বৈঠকে একটি রূপরেখা নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি গভীর আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো এবং গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়। কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন। বৈঠকে বিদেশে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ





























