পঞ্চগড়ে হানি ট্র্যাপ চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আটকরা হলেন পঞ্চগড় সদর উপজেলার রাজনগর খালপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা মো. আবু রায়হান হৃদয় (২৪) এবং পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার সুরাইয়া পারভীন স্মরনী (১৯)।
জানা গেছে, চক্রটি দীর্ঘদিন মানুষকে ট্র্যাপে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি পঞ্চগড়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিলে ওই ব্যক্তি পঞ্চগড় থানায় মামলা করেন। ওই মামলার পরে অভিযান চালিয়ে হানি ট্র্যাপচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে ৪-৫ জনের একটি হানি ট্র্যাপ চক্র ওই ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।
পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ‘আটক হানি ট্র্যাপের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























