বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

শয়তানের নিশ্বাস দিয়ে লুট করতেন স্বর্ণালংকার ও টাকা, মূলহোতা গ্রেফতার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে স্বর্ণালংকার ও অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের মূলহোতা তানিয়া নামের এক নারীকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতের নাম মোসাম্মাৎ তানিয়া (৪০)। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে।

ডিসি তালেবুর রহমান জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে তানিয়ার পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে ‘শয়তানের নিশ্বাস’ নামের একটি দ্রব্য নাসিমার নাকের কাছে এনে অজ্ঞান করে দেয়। এরপর নাসিমার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেলাল হোসেন বাদী হয়ে রূপনগর থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১১ নভেম্বর ভোর ৩টার দিকে তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তানিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তানিয়া দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় প্রবাসী পরিবারগুলোকে টার্গেট করত। নিজেকে প্রবাসী বা প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করত এবং আলাপচারিতার একপর্যায়ে স্কোপোলামিন প্রয়োগ করে ভুক্তভোগীদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও অর্থ লুট করতো।

রূপনগর থানার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তানিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা, চুরি ও অজ্ঞান পার্টির ঘটনায় মোট ৩৮টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com