শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, ঊর্ধ্বগতি শেয়ারবাজারেও

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে সেই ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটি। শুক্রবার মার্কিন ডলারের দুর্বলতা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণায় স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ৩৬ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৬০ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৮৩ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।

জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এবং তেলের দামের ওপর চাপ থাকায় এটি মুদ্রাস্ফীতির উদ্বেগ কমাবে ও সুদের হার কমানোর প্রত্যাশা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে—এ সবই স্বর্ণের জন্য সুসংবাদ।’

তিনি আরও বলেন, স্বর্ণের দাম স্বল্পমেয়াদে আবারও আউন্স প্রতি ৫ হাজার ডলার অতিক্রম করতে পারে।

এদিকে সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১ দশমিক ৯৯ ডলার লেনদেন হচ্ছে। এতে চলতি সপ্তাহে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে মূল্যবান ধাতুটির দাম। এছাড়াও প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৩০ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশবেড়ে ১ হাজার ৫৮৮ দশমিক ৪৪ ডলারে বিক্রি হচ্ছে।

অন্যদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স- উভয় বাজারের সূচকই দুই শতাংশের বেশি বেড়েছে। লন্ডনের এফটিএসই সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এছাড়া লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই যুক্তরাষ্ট্রের ডাও জোনস সূচক এক দশমিক তিন শতাংশ এবং এসঅ্যান্ডপি শূন্য দশমিক সাত শতাংশ বেড়েছে।

তবে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে ধস নেমেছে। কয়েক মিনিটের ব্যবধানে তেলের দাম ১১ শতাংশ কমে গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৭১ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। উভয় ক্ষেত্রেই এই দর গত ১১ মার্চের পর থেকে সর্বনিম্ন।

সূত্র: রয়টার্স, বিবিসি

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com