মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বিরোধীদলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেওয়ার আহ্বান জানাই।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে। সরকার গঠিত হয়েছে, বিরোধীদল হয়েছে। কিন্তু জনগণ সংস্কারটা পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে। নতুন সরকার নতুনভাবে কার্যক্রম করছে। ফলে জনগণের বাকি রয়ে গেছে রক্তের দেনা, রক্তের ঋণ।”

নাহিদ ইসলাম বলেন, “বিগত সময়ে পহেলা বৈশাখসহ অনেকগুলো উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদযাপনের চেষ্টা করছি আমরা। একই সঙ্গে আমাদের সংস্কার এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে।”

জাতীয় সংসদের বিরোধীদলের চিফ হুইপ বলেন, “সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশকেই এই বাংলার সভ্যতার বহু ভাষা বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে ঐতিহ্যের ধারকবাহক হিসেবে কাজ করে যেতে হবে।”

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com