শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

‘জুমাতুল বিদা’য় দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রমজানের শেষ জুমার নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে হাজারো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

দোয়ায় মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া ঈদুল ফিতর যেন সবার জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনে, সেই কামনাও করা হয় মোনাজাতে।

বিশেষ দোয়ায় মুফতি আব্দুল মালেক বলেন, ‘হে মাওলা, হে আল্লাহ! আপনি সমগ্র মুসলিম বিশ্বকে হেফাজত করুন। বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সোহার্দ্য বাড়িয়ে দিন, বিশৃঙ্খলা অরজগতা দূর করে দিন। হে আল্লাহ, আপনার মেহেরবানিতে সবার হিম্মত বাড়িয়ে দিন এবং আমাদের সবাইকে নেক কাজ করার তাওফিক দান করুন। খারাপ কাজ ও গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দিন।’

‘হে আল্লাহ! আমাদের সন্তানদের, ছেলেমেয়ে সকল আওলাদকে হেফাজত করুন। তাদের সঠিক তালিম ও তরিকতের পথে পরিচালিত করুন। তাদের সুস্থতা, নিরাপত্তা ও নেক হায়াত দান করুন। আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। ঈমান ও আমলের জীবনে জীবনযাপন করার তাওফিক দিন।’

খতিব তার খুদবার বক্তব্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসের শিক্ষা যেন সারা বছর জীবনে বাস্তবায়ন করা যায়, সেই চেষ্টা করার আহ্বান জানান তিনি।

জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। জুমার নামাজ শেষে অনেক মুসল্লি দীর্ঘ সময় ধরে দোয়া ও ইবাদতে মশগুল থাকেন।

রমজানের শেষ জুমা মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। দিনটি ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিরা বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় সময় অতিবাহিত করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com